আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগর উপজেলা ক্রীড়া সংস্থার বর্তমানে কোনো কার্যক্রম নেই। উপজেলাবাসী ভুলেও গেছে ক্রীড়া সংস্থার নাম।
বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। খেলাধুলার মাধমে যুব সমাজকে মাদক ও নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে আনতে সরকারের নানামুখী পদক্ষেপ আছে। কিন্তু রাণীনগর উপজেলায় সে সবের বাস্তবায়ন নেই। কারণ এ উপজেলায় বর্তমানে ক্রীড়া সংস্থার কোনো কার্যক্রমই নেই। প্রায় ১৫-২০ বছর যাবত্ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থবির। নেই কোনো কমিটি। নেই কোনো কার্যালয়। উপজেলার একমাত্র খেলার মাঠ এখন গো-চারণ ভূমি। অথচ এক সময় এ মাঠে খেলার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় থাকত।
তাই ক্রীড়ামোদীদের দাবি— প্রবীণ খেলোয়াড়দের নিয়ে নতুন করে নির্বাচনের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থা গঠন করে আবার উজ্জীবিত করা হোক স্থানীয় ক্রীড়াঙ্গনকে।
উপজেলার সাবেক খেলোয়াড় টিক্কা হোসেন, শেখ মো. আবু বক্কর সিদ্দিক জানান, এখনকার প্রজন্মরা খেলার মাঠই চেনে না। এর প্রধান কারণ হচ্ছে উপজেলা ক্রীড়া সংস্থার ঝিমিয়ে পড়া।
উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক কাজী হারুনুর রশিদ দাবি করেন তার সময়ে অনেক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়ী হয়েছিলেন তারা। তিনি ঝিমিয়ে পড়া ক্রীড়া সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে উপজেলার প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আল মামুন বলেন, ‘উপজেলা ক্রীড়া সংস্থা নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে। উপজেলার ক্রীড়ানুরাগীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করব এবং তাদের পরামর্শক্রমে নতুন একটি কমিটি গঠন করে ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করার পদক্ষেপ গ্রহণ করব।’
