গৌরীপুরের শ্যামগঞ্জ রেলক্রসিং ঝুঁকিপূর্ণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:২৯

গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ জংশনে গৌরীপুর-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জে দুটি লেভেলক্রসিং এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেললাইনের মাঝে ও দু’পাশে অবৈধ স্থাপনার কারণে ট্রেন আসলেও সড়কপথের যানবাহন চালকরা তা দেখতে পায় না। তাছাড়া গেটম্যান না থাকায় সিএনজি ও হ্যান্ডট্রলির সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

 
এই রেলক্রসিংয়ে এবছর ট্রেন-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও এক বৃদ্ধার মৃত্যুও হয়েছে। শ্যামগঞ্জ রেলওয়ে জংশন থেকে মোহনগঞ্জগামী ও জারিয়াগামী দুটি রেলপথের ডবল লেভেলক্রসিং রয়েছে শ্যামগঞ্জ বাজারে।
 
এ সড়কপথে নেত্রকোনা, বিরিশিরি থেকে সিলেট ও কিশোরগঞ্জ দূরপাল্লার বাস, দুর্গাপুর থেকে বালিবাহী ট্রাকসহ গৌরীপুর-শ্যামগঞ্জ রোডের শতাধিক সিএনজি, গৌরীপুর-নেত্রকোনা সড়কের ২৮টি মেক্সি নিয়মিত চলাচল করে। শ্যামগঞ্জ লেভেলক্রসিং পয়েন্টে চারটি ব্যারিয়েল আছে। নেই কোনো গেটম্যান। ফলে দুর্ঘটনা দিন দিন বাড়ছে। গৌরীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ জানান, জনবল সংকট রয়েছে। নতুন নিয়োগে গেটম্যান দেয়া হবে।

ইত্তেফাক/নূহু