মেঘনা-গোমতী সেতুতে দুর্ঘটনা, ৬০ কি.মি. যানজট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১২
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই কারণে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে।
 
শুক্রবার ভোর চারটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কুমিল্লার মাধাইয়া থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু পেরিয়ে কাচপুর পর্যন্ত ৬০ কি.মি. যানজটের সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় মহাসড়কে অ্যাম্বুল্যান্স, হাজার হাজার যাত্রী ও ভিআইপিরা আটকে পড়ে দুর্ভোগের শিকার হয়।
 
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর একটি অতিরিক্ত মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকের এক্সেল ভেঙ্গে গিয়ে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি সরিয়ে নিতে পারলেও অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি সরানো সম্ভব হয়নি। পরে নারায়ণগঞ্জ সওজের হেভি র‌্যাকার দিয়ে রাত তিনটার সময় অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় যানজট কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও থেমে থেমে যানজট লেগেই আছে।
 
ইত্তেফাক/জামান