ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩১
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
 
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশে প্রথমবারের মতো শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০০ নারী অংশগ্রহণকারী নিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আইসিটি ডিভিশন ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ যৌথভাবে এই হ্যাকাথনের আয়োজন করেছে।
 
জুনায়েদ আহমেদ পলক বলেন, পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের এই ইন্টারনেট যুগের এ গ্লোবাল ভিলেজে মেয়েদেরকে শুধু অংক, ইংলিশ ও বিজ্ঞানে ভালো জানলে হলে হবে না, তাদেরকে প্রযুক্তিতে, কম্পিউটার কোডিং ও প্রোগ্রামিং শিখতে হবে। সে জন্যে সরকার একটি আইসিটি ইকোসিস্টেম তৈরী করার জন্যে কাজ করে যাচ্ছে।
 
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে আইসিটি ক্ষেত্রে সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত দুইদিনব্যাপী এ ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায় থেকে আসা নারী ডেভেলপাররা এই স্বপ্নের বাস্তবায়নে সহায়তা করবে। খবর বাসসের।
 

ইত্তেফাক/আনিস মণ্ডল