গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া মিছিল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩২
অনুমতি ছাড়াই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এপিইসিই বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের বহিষ্কার মেয়াদ শেষ হওয়ায় তার সমর্থকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করে।
 
বিধি অনুযায়ী ক্যাম্পাসে কোন ধরনের মিছিল মিটিং করার আগে প্রোক্টর বরাবর লিখিত অনুমতি নিতে হয়। 
 
২০১৬ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয় ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এপিইসিই বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। বহিষ্কার মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কোন রকম অবগত না করে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাস রুম থেকে ডেকে এনে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে জাহাঙ্গীর ও তার সমর্থকরা।
 
এ ব্যাপারে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নুরুন্নবী বলেন, তারা আমাদের নিকট থেকে কোন লিখিত অনুমতি নেয়নি। তবে তারা মিষ্টিমুখ করার জন্য মৌখিকভাবে আমাদেরকে জানায়। তাদের মিছিলের ব্যাপারে কোন অনুমতি আমরা দেয়নি।