ক্রিকেটে বিরাট কোহলি অন্যগ্রহের মানুষ যেন। ভারতীয় এই রানমেশিনকে থামানোর কোন উপায় বোলারদের জানা নেই। যে ক্রিকেটরের কিছুদিন আগেও কোন ডাবল সেঞ্চুরি ছিলনা টেস্ট ক্রিকেটে সেই কোহলি টানা চারটি সিরিজে হাকালেন ডাবল সেঞ্চুরি। ছাড়িয়ে গেলেন ক্রিকেট ইতিহাসের রথী-মহারথীদের।
টানা চার সিরিজে দ্বিশতক করে কোহলি ছাড়িয়ে গেছেন ক্রিকেটের দুই কিংবদন্তিকে। এরআগে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যান ও ভারতীয় রাহুল দ্রাবিড়ের।
হায়দরাবাদ টেস্টের ২০৪ রানের আগে ইংল্যান্ডের বিপক্ষে মু্ম্বাইয়ে ২৩৫ করেছিলেন কোহলি। আগের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইন্দোরে ২১১। তার আগের সিরিজে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় করেছিলেন ২০০।
বাংলাদেশের বিপক্ষে ২০৪ কোহলি সবোর্চ্চ ইনিংস। এর আগে ২০০৪ সালে সচিন টেন্ডুলকার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ২৪৮ রানের ইনিংস খেলেছিল। কোহলি ছাড়াও আরো দুটি দেশের অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে দ্বিশতক করেছিল। এদের একজন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ২০০৪ সালে ২০২ রান ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ২৩২ রান করেছিলেন। দুইজনেই চট্টগ্রামে এই কীর্তি গড়েছিলেন।
কোহলি নেতৃত্বের ২৩ টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। ভারতের আর সব অধিনায়ক বাকি ৪৮৫ টেস্ট মিলিয়ে করেছেন ৪টি ডাবল! ভারত অধিনায়ক হিসেবে সবাইকে ছাড়িয়েছেন তো আগেই।
ভারত নিজেদের টেস্ট ইতিহাসে টানা তিন টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান এই প্রথমবার পেল। আগে টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করেছিলেন করুন নায়ার। তার আগের টেস্টে কোহলির ২৩৫। ট্রিপল সেঞ্চুরি করেও নায়ার এই সিরিজে বাদ পড়েছেন।
ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। এই মৌসুমে এখন তার রান ১ হাজার ১৬৮। আগের রেকর্ড ছিল ২০০৪-০৫ মৌসুমে বিরেন্দর শেবাগের ১ হাজার ১০৫।
চলতি মৌসুমে এখনও চার টেস্ট বাকি আছে ভারতের। চারটেস্টের ওই সিরিজ শুরু হবে প্রিয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিং কোহলি কোথায় থামবে, কে জানে!
ইত্তেফাক/রেজা
