গৌরীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২১
ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে জংশনে শুক্রবার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৩/১৪ বছর। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহনগঞ্জগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে ছাড়ার সময় ওই কিশোর দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করছিল। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  
 
গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাওছার আহাম্মেদ জানান, ট্রেনের নিচে কাটা পড়ে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি। ট্রেনের নিচে পড়ে ছেলেটির হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথা এমনভাবে থেতলে গেছে লাশটি চেনার কোন উপায় নেই। তার পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট ও চেক শার্ট। লাশ উদ্ধার করে ময়মনসিংহ জিআরপি থানায় প্রেরণ করা হয়েছে। 
 
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। গৌরীপুর স্টেশনের এক চায়ের দোকানি জানান, ওই ছেলেটি ঘটনার আগে তার দোকানে চা পান করেছিল। এসময় সে বলেছিল তার বাড়ি কুমিল্লার লাকসাম এলাকায়।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম