শেরপুরের নকলা উপজেলার কৃষকরা ধানের পরিবর্তে ভুট্টা চাষে আগ্রহী হয়ে পড়ছেন। ধান চাষে খরচ বেশি এবং বাজার মূল্য কম থাকায় গত কয়েক বছর ধরে বিক্ষিপ্তভাবে ভুট্টা চাষ করে আসছেন সেখানকার কৃষকরা।
উপজেলার চন্দ্রকোনা, নারায়ণখোলা ও টালকী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ভুট্টা চাষের মাত্রা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা জানান, ইরি-বোরো ধানের চেয়ে ভুট্টা চাষে খরচ কম। তাছাড়া ভুট্টার চাহিদা এবং বাজার মূল্য বেশি। এক একর জমিতে ভুট্টা চাষে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। উৎপাদিত ভুট্টার মূল্য খরচের চেয়ে প্রায় তিনগুণ বেশি হয়। এ বিবেচনায় নকলা উপজেলাতে এবছর ব্যাপক হারে ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর নকলা উপজেলায় দুই হাজার ৫০ একর জমিতে স্থানীয় ও উফসি জাতের ভুট্টা আবাদ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য হবে কমপক্ষে ২০কোটি টাকা। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ইতি মধ্যেই ভুট্টার ফলন শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, নকলা উপজেলার কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে ৮০ জন কৃষককে প্রণোদনাসহ ৫৯টি প্রদর্শনী প্লটে সার ও বীজ ভর্তুকি দিয়ে ভুট্টা আবাদ করানো হয়েছে।
ইত্তেফাক/জামান
