গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ ফি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ইজাদারের লোকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের উদ্ধার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেল্থ ইকোনমিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের ১৮৫ জন শিক্ষার্থী চারজন শিক্ষকের নেতৃত্বে শিক্ষা সফরে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আসে। সেখানে পার্কে প্রবেশের সময় প্রবেশ ফি নিয়ে বিতর্কের এক পর্যায়ে গেট কিপার শফিক এক ছাত্রীর শরীরে হাত দেয়ার চেষ্টা করে। IMG0
এসময় সঙ্গে থাকা শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে পার্কের ইজারাদারের পোষ্য স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা তাদের ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে হেল্থ ইকোনমিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনন্যা, দ্বিতীয় বর্ষের রাহাত, মাস্টার্সের ফাহাদ গুরুতর আঘাত পান। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও সালনা ক্যাম্প থেকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে পার্কের অভ্যন্তরে নিয়ে নিরাপদ স্থানে রাখে। পার্কের চিকিৎসা কেন্দ্রে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। IMG1
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
