সরকারি একটি কালভার্ট বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুরি হলেও হতাহতের কোন ঘটনা ঘটে নি। শনিবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চিথোলিয়া গ্রামের প্রভাবশালী ছামেদ আলী কেন্দুয়া-চিরাং পাকা সড়কের চিথোলিয়া মোড় নামক স্থানে সরকারি একটি কালভার্ট বন্ধ করে দিয়ে ফিশারী পুকুর নির্মাণ করছেন। কালভার্টটি বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় অর্ধশতাধিক পরিবারের মধ্যে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা দেখা দেয়। ওই কালভার্টটি খুলে দিতে চিথোলিয়া গ্রামের এখলাছ মিয়াসহ ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদেরকেও অবগত করেন তারা।
কিন্তু এ ঘটনার কোন সুরাহা না হওয়ায় এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে শনিবার ছামেদ আলীর লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসহ এখলাছ মিয়া ও তার পক্ষের লোকদের বাড়ি-ঘরে হামলা করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ‘সংঘর্ষ থামাতে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
