নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকায় শনিবার বিকালে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত ইয়াসিন আরাফাত (২২) সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় হারুন নামে আহত ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। হারুন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ইত্তেফাককে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।’
জানা যায়, আমতল মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির পর এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দেয়া হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত ও হারুন গুরুতর আহত হয়। পরে তাদেরকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত হারুনকে হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/উজ্জল
