মানুষ কেন আইন মানে না?

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:০০

মোহাম্মদ বায়েজিদ

আইনের প্রতি শ্রদ্ধাহীনতার এক সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের দেশে। আর শ্রদ্ধাহীনতা থেকেই মানুষ নিশ্চিন্তে আইন ভঙ্গ করছে। একটু উদাহরণ দেওয়া যাক, বছরখানেক আগে আমি একটি কন্সট্রাকশন  কোম্পানির অফিসে গিয়েছি, এক কর্মকর্তার সঙ্গে কথা বলবার জন্য। একটি নির্মাণাধীন দোকানের জন্য আমরা কিস্তিতে টাকা প্রদান করছিলাম এবং চুক্তি অনুযায়ী ২০১৭ সালের মধ্যে আমাদের দোকানটি প্রদান করার কথা। কিন্তু ২০১৮ চলে আসলেও তারা কন্সট্রাকশন এর কাজ শেষ করতে পারেনি। তারা আমাকে স্পষ্ট করে বলে দেয় যদি ভালো না লাগে তাহলে আমি টাকা ফেরত নিয়ে চলে যেতে পারি। আমি একজন আইনের ছাত্র হিসেবে চুক্তি আইন সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, আমি তাকে বললাম যদি টাকা ফেরত দিতেই হয় তবে আপনারা আমাদের মূল টাকার সঙ্গে একটা জরিমানাও প্রদান করবেন। কারণ যেই দীর্ঘ সময়ে আপনাদের কাছে আমার টাকা আটকে আছে এই সময়ে আমি এই টাকা অন্য কোথাও বিনিয়োগ করলে তাতে মুনাফা আসতো। এই কথা শুনে ওই ম্যানেজার ভীষণ রকম রেগে যায়, আমি তাকে আইন দেখাচ্ছি না কি, আমি চিনি ওনাকে? ওনার অমুক কত বড় নেতা ইত্যাদি ইত্যাদি তিনি আমাকে শুনিয়ে দিলেন। এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এ রকম ঘটনা হরহামেশাই ঘটছে চারদিকে। একজন ব্যক্তির বক্তব্যকে মূল্যায়ন করতে আইনের ব্যবহার করা হয়েছে, এই সাধারণ ঘটনাটাই এখানে অসাধারণ এবং অন্যায় হয়ে দাঁড়িয়েছে। এর পরে সে তার রাজনৈতিক ক্ষমতার বর্ণনা দিয়ে এটা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে আইনকে সে তোয়াক্কা করেন না।  এটাই যদি হয় আইনের ব্যাপারে মানুষের মানুষিকতা তবে সেই আইন মানুষ নিজের বিবেক থেকে মেনে চলবে এটা কি করে আশা করা যায়!

দেশে আইনের শাসন বা rule of law তৈরি করতে হলে সবার প্রথমে মানুষের মাঝে আইনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। আইন মান্য করবার একটা সংস্কৃতি নির্মাণ করতে হবে। মানুষের নৈতিকতা থেকে যেদিন মানুষ আইন মান্য করা শুরু করবে সেদিন থেকে আর কোনো অপরাধ সংগঠিত হবে না। কিন্তু সেই নৈতিকতা তৈরি হবার মতো সংস্কৃতি আগে সৃষ্টি করতে হবে। যেদিন অন্যের রেখে যাওয়া সম্পত্তি না জানা সত্যেও কেউ ধরবে না,  রাস্তা ফাঁকা থাকার পরেও লালবাতি থেকে গাড়ি থামিয়ে রাখবে ড্রাইভার, এমনকি সিনেমাতেও দেখা যাবে না নায়ককে হেলমেট ছাড়া হাই স্পিডে বাইক চালাতে, সকল ক্ষেত্রে যখন আইন মান্য করাটা মানুষের অভ্যাসে পরিণত হবে, তারপর হয়তো প্রতিষ্ঠিত হবে Rule of law বা আইনের শাসন, এর আগে নয়। 

n লেখক :শিক্ষার্থী, জেড এইচ শিকদার বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর