ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
বালাগঞ্জে এক মাদ্রাসা ছাত্রী সংঘবদ্ধ-ধর্ষণের শিকার হয়েছেন। নিজ বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিওরখাল গ্রামে এই ঘটনাটি ঘটে। ১৫ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে বলে জানা গেছে।
সিলেট জেলা পরিষদের সদস্য লোকন আহমদ জানান, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত আটটার দিকে স্থানীয়দের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা বাজারে প্রতিবাদ সভা আহবান করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটির পরিবার ও প্রতিবেশীর বক্তব্য গ্রহণ করেছি। মেয়েটির পরিবারের লোকজন জানিয়েছেন ঘটনার সাথে ৫-৬ জন জড়িত ছিল। প্রাথমিক অবস্থায় দুই জনের নাম জানা গেছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
