পিয়াজখালী-শয়তানখালীঘাট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক নির্মাণ জরুরি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫২

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরের পিয়াজখালী নদীবন্দর থেকে শয়তানখালী নতুনঘাট নদীবন্দর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ জরুরি হয়ে পড়েছে। নতুন নদী বন্দর হওয়ায় রাজধানী  ঢাকা ও দেশের বিভিন্ন নদী বন্দরের সঙ্গে সদরপুর উপজেলা ও ফরিদপুর  অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানের শয়তানখালী ঘাটটি। স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর বিভাগের  উদ্যোগে গত ৩ বছর পূর্বে ঘাটটিতে যাতায়াতের জন্য প্রায় ১ কিলোমিটার সড়ক নির্মাণ করা হলেও গত ২ বছর যাবত্ সড়কটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

সরেজমিন ঘুরে জানা গেছে, আড়িয়াল খাঁ নদে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ায় শয়তানখালী নামক স্থানে নতুন ঘাটের সৃষ্টি হয়েছে। বর্তমানে জনগুরুত্বপূর্ণ ঘাটটিতে যোগাযোগের কোনো ব্যবস্থা গড়ে উঠেনি। জনগণের দাবি জরুরি ভিত্তিতে পিয়াজখালী বাজার থেকে শয়তানখালী ঘাট পর্যন্ত ২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের।

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, পদ্মার শয়তানখালী ঘাটটি বর্তমানে জনগুরুত্বপূর্ণ ঘাট। যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের প্রয়োজন।

আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী মুরাদ জানান, শয়তানখালী ঘাট বর্তমানে ফরিদপুর অঞ্চলের হাটবাজারের সঙ্গে যোগাযোগের জন্য জনগুরুত্বপূর্ণ নৌপথ। তাই জরুরি ভিত্তিতে সড়কটি নির্মাণ প্রয়োজন। ঘাট ইজারাদার ইউসুফ খলিফা বলেন, অত্র ঘাট দিয়ে প্রতিদিন শত যাত্রী ও হাজার হাজার মণ মালামাল পরিবহন করা হলেও যাতায়াতের সড়ক না থাকায় ব্যবসায়ী মহল ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে ।

উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামউদ্দিন আহম্মদ বলেন, অর্থ বরাদ্দ না থাকায় সড়কটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

ইত্তেফাক/নূহু