তিন তলা বিশিষ্ট হল লাইব্রেরি চাই

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক হল নামে পরিচিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এই হলের আবাসিক ছাত্রের সংখ্যা প্রায় তিন হাজার। এই হলে তিনটি আলাদা আলাদা ভবন রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রত্যেকটি ভবনে মাত্র একটি করে রিডিং রুম রয়েছে—আবার আসন সংখ্যা মাত্র  ৪০ থেকে ৫০টি। এই হলে কোনো কেন্দ্রীয় লাইব্রেরি নাই। সাইবারটেক ও হল লাইব্রেরি নামে এক কক্ষ বিশিষ্ট রুমে সামান্য কিছু বই থাকলেও নাই বসার মতো প্রয়োজনীয় আসন। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এই অব্যবস্থার দরুন গবেষণামূলক পড়াশোনা তো দূরের কথা, পরীক্ষার প্রস্তুতিরও সুযোগ পাচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরের পশ্চিম পাড়ে বিস্তৃত একটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে নতুন একটি দুই বা তিন তলা  বিশিষ্ট ভবন নির্মাণ করলে হলের আবাসিক শিক্ষার্থীদের পড়ার পরিবেশ সৃষ্টি হবে। তাই হল প্রশাসন, নবনির্বাচিত হল সংসদের ভিপি, জিএস, পাঠকক্ষ বিষয়ক সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিবেচনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

আবু হুরাইরা (আতিক)

২য় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়