কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭
 
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতের মিটার ভাঙ্গাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার রাতে কালীগঞ্জের রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ওই গ্রামের নুর ইসলামের বড় ভাই নুর মোহাম্মদ ট্রাকে করে ছেলের বিয়েতে পাওয়া  ফার্নিচার বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় ট্রাকে লেগে নুর ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে যায়। এ নিয়ে রাতে নুর ইসলাম ও বড় ভাই নুর মোহাম্মদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
 
একপর্যায়ে বড় ভাই নুর মোহাম্মদ ছোট ভাই নুর ইসলামের গলা চেপে ধরেন এবং তার ছেলেরা মারপিট করেন। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
রাতেই নিহত নুর ইসলামের ছেলে মাহবুব আলম আকাশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলা দায়েরের পর মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ, অন্য আসামি আতিয়ার রহমান ও হাসান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ইত্তেফাক/কাউছার