রাবিতে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:০৯

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে শনিবার পরিচ্ছন্নতা অভিযান হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার মাজার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। এ সময় ছাত্র উপদেষ্টা বলেন, এই ক্যাম্পাসকে সুন্দর রাখা প্রত্যেকের দায়িত্ব। পরিষ্কার করা নয়, আমাদের মানসিকতা থাকবে যে, আমরা যত্রতত্র ময়লা বা উচ্ছিষ্ট ফেলে ক্যাম্পাসকে অপরিষ্কার করবো না। তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। নেপালি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে কর্মসূচিতে সোমালিয়া, নাইজেরিয়াসহ ডরমেটরিতে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের হায়ার স্টাডি ক্লাব, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সংগঠন গ্রিন আর্থসহ আরো বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।