গোপালগঞ্জে বিবস্ত্র করে ভিডিও ধারণ, প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় প্রধান অভিযুক্ত সম্রাট মন্ডলকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে পুলিশ তাকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রাম থেকে গ্রেফতার করে।
 
আজ রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। সম্রাট মন্ডলের সহযোগী সজল বিশ্বাস (২২) ও মিঠু বসুকে (২০) গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
 
ওই ছাত্রীর স্কুল শিক্ষক পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, তার সহযোগি বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসুকে আসামি করে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা গেছে, গত রবিবার রাতে নিজ বাড়ির ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিল ওই এসএসসি পরীক্ষার্থী। পরে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। ওঁৎ পেতে থাকা সম্রাট মন্ডল, তার সহযোগি সজল বিশ্বাস ও মিঠু বসু তার মুখ চেপে ধরে তুলে নিয়ে তাকে তাদের বাথ রুমের কাছে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে বাথ রুমের বৈদ্যুতিক আলোতে মেবাইলে ভিডিও চিত্র ধারণ করে। এ ভিডিও তারা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ অপমান সইতে না পেরে ঘটনার পরই ওই ছাত্রী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। 
 
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম বলেন, কোটালীপাড়ার পাশপাশের থানা গুলোতে শুক্ররাব রাতে ও শনিবার দিন-রাত অভিযান চালানো হয়। শনিবার গভীর রাতে সম্রাটকে গ্রেফতার করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম