চট্টগ্রামের সাতকানিয়ায় রবিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুপসী দেবী (১১) নিহত হয়েছে। সে উপজেলার ছদাহা ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা সাধন নাথের মেয়ে ও ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে সময় রুপসী দেবী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী শাহ আমিন পরিবহনের একটি গাড়ি (চট্টমেট্রো-ব-০৫-০০৮৩) তাকে জোরে ধাক্কা দেয়। এতে তার মাথা গাড়ির চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে রুপসী দেবী নিহত হয়। এ ঘটনায় তার সহপাঠিরা স্কুলের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেন সড়ক দুর্ঘটনার কথা ইত্তেফাককে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
