বানরের বাঁদরামির কথা সবাই শুনেছেন। কিন্তু তা সইতে না পেরে আত্মহত্যার কথা কেউ ভাবেন নি বোধহয়। কিন্তু বাস্তবে তেমনটাই ঘটেছে ভারতের কেরলে। বানরের অত্যাচার সইতে না পেরে এক নারী এসিড খেয়ে আত্মহত্যা করেছেন মঙ্গলবার।
পুষ্পলতা নামের ৫২ বছরের ওই মহিলা ছিলেন থিরুবন্তপুরমের ভেল্লারাডা অঞ্চলের বাসিন্দা। পাহাড়ি ওই এলাকায় বিধবা পুষ্পলতা তাঁর সন্তানদের নিয়ে থাকতেন। স্থানীয় পুলিশ জানায়, গত বছর পুষ্পলতার স্বামী মারা যান। তার পর থেকে তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ভেল্লারাডা অঞ্চলে বাঁদরের বিপুল উপদ্রব। এক দল বাঁদর পুষ্পলতাদের পরিবারের পিছনে বেশ কিছুদিন ধরে যেন হাত ধুয়ে পড়েছিল। তারা প্রায়শই বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র নয়ছয় করে লঙ্কাকাণ্ড বাধাচ্ছিল। বার বার তারা বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ভেঙে দিচ্ছিল।
খাবার-দাবার নষ্ট করে, তৈজসপত্র ধ্বংস করে বানরেরা এতটাই বিপর্যস্ত করে ফেলে তাঁদের, শেষ পর্যন্ত পুষ্পলতা আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তাঁর পুত্র। প্রসঙ্গত, ওই বানরদের বাস সন্নিহিত রাবার বনে। তাদের দাপটে এই পল্লীর অধিকাংশ বাসিন্দাই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এবেলা।
ইত্তেফাক/সেতু
