ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ বছরের ফেরার আসামি আসমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসমা শৈলকুপা শহরের কাজীপাড়ার আবু জাফরের স্ত্রী। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, ২০০৩ সালের ২৭ জুন সতীনের সাড়ে তিন বছরের শিশুকন্যা জাপানিকে হত্যার অভিযোগে আসমা খাতুনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। আসামি জামিনে ছাড়া পাওয়ার পর ২০০৭ সালে সৌদিতে পালিয়ে যায়। ২০০৯ সালের ২০ জানুয়ারি আদালত আসমা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামি ফেরার থাকে। গত ১৩ মার্চ তিনি দুবাই থেকে ঢাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।
