গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি সংকট থাকায় খোলা আকাশের নিচে ক্লাস চলছে। অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রতিষ্ঠার ১৫ বছর অতিবাহিত হলেও জাতীয়করণ করা হয়নি বিদ্যালয়টি। জাতীয়করণ না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী থাকলেও স্কুলভবন, বেঞ্চসহ নানা সংকটে চলছে এ বিদ্যালয়টি। সরকারিভাবে কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় নানা সমস্যায় জর্জরিত এ মাধ্যমিক বিদ্যালয়। দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়লেও শ্রেণিকক্ষ না বাড়ায় কোমলমতি শিশুদের খোলা আকাশের নিচে রোদে পুড়ে ক্লাস করতে হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, স্থানীয় জনগণের চাহিদায় ২০০২ সালে এ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হলেও সরকারিভাবে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়। সম্প্রতি ঘন কুয়াশা আর তীব্র শীত নিবারণ করার জন্য চটের বস্তা দিয়ে ঘিরে রেখে কোনোরকম ক্লাস নেয়া হচ্ছে।
বেতন-ভাতা না পেয়ে শিক্ষক-কর্মচারীর সংসার চলছে অনাহার অর্ধাহারে। বিদ্যালয়ে রয়েছে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও ১৬ জন শিক্ষক-কর্মচারী। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার বলেন, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
ইত্তেফাক/নূহু
