মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি অ্যাম্বুলেন্সই বিকল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৫০

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে পুকুর পাড়ে খোলা আকাশের নিচে প্রায় ১০ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে দুইটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সগুলো বিকল হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার রোগীরা।

স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবেই গাড়িগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে স্বাস্থ্য সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহতসহ ক্রমশ হ্রাস পাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ক্রটির কারণে ২০০৬ সালে বিকল হয়ে পড়ে একটি অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে ২০১৩ সালে অচল হয়ে খোলা আকাশের নিচে পড়ে আছে আরো একটি অ্যাম্বুলেন্স। রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্স দুইটির যন্ত্রাংশও চুরি করে একটি চক্র বিক্রি করে দিয়েছে। উপজেলায় প্রায় ১৫ লাখ লোকের বসবাস। তাদের দ্রুত চিকিত্সা সেবা দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে সচল রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। এতে উপজেলার ২২টি ইউনিয়নে বসবাসরত প্রায় ১৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের দুইটি অ্যাম্বুলেন্স অকেজো অবস্থায় পড়ে থাকায় মুমুর্ষূ রোগীদের চিকিত্সা কাজে সরকারি অ্যাম্বুলেন্সগুলো কাজে আসছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহের জানান, এখানে বর্তমানে তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। এরমধ্যে দুইটি অচল হয়ে আছে। বিকল অ্যাম্বুলেন্স সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইত্তেফাক/নূহু