চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মিত পক্ষীশালা গত বুধবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। পক্ষীশালায় রয়েছে ৬ প্রজাতির ৩৪২টি পাখি। দেড় হাজার বর্গফুটের জায়গায় ৩৪ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পক্ষীশালাটির অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ২০ লাখ টাকা। আর দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ক্রয় করতে ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে। পক্ষীশালায় ৩৪২টি পাখির মধ্যে রয়েছে ২০ জোড়া লাভ বার্ড, ৫০ জোড়া লাফিং ডোব, ১০ জোড়া ফিজন্ট, ১০ জোড়া রিংনেট প্যারট, ৫০ জোড়া ককটিয়েল, ১ জোড়া ম্যাকা। বাকিগুলো অন্যান্য প্রাণী।
পক্ষীশালাটি উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে নতুন আঙ্গিকে সাজাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে বাঘ, জেব্রাসহ নতুন নতুন পশু-পাখি আনা হয়েছে। যার সর্বশেষ সংযোজন পক্ষীশালা।
