শেরপুর প্রতিনিধি
আগামীকাল সোমবার শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া জানান, ১ এপ্রিল স্থানীয় শহীদ দারোগ আলী পৌর মাঠে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম চারদিনব্যাপী উত্সবের উদ্বোধন করবেন। তিনি আরো জানান, ২ এপিল জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ এবং শহর প্রদক্ষিণের মাধ্যমে দ্বিতীয়দিনের অনুষ্ঠানের সূচনা করবেন। ৩ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং ৪ এপ্রিল সমাপনী দিনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুল রাজ্জাক প্রধান অতিথি হিসেবে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ১৮৬৯ সালের ১ এপ্রিল একটি টিনশেডের ঘরে শেরপুর পৌরসভার যাত্রা শুরু হয়েছিল।
