টানা ৫ ম্যাচে হার চ্যাম্পিয়ন লেস্টারের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৯
সোয়ানসি সিটির কাছে ২-০ গোলে পরাজয়ের মাধ্যমে আবারো হতাশ করেছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। এই পরাজয়ে রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে রয়েছে ক্লাবটি।
 
ম্যাচ শেষে লিস্টার ম্যানেজার ক্লদিও রনেইরি বলেছেন, ‘আজ আমরা নতুন একটি মৌসুম শুরু লক্ষ্যে মাঠে নেমেছিলাম। কিন্তু ঐ একই চিত্র আবারো ফিরে এসেছে। এটা সত্যিই অবিশ্বাস্য। আমাদের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু তাদের প্রথম দুটি প্রচেষ্টার দুটিতেই গোল হয়েছে। ঐ পরিস্থিতি থেকে ফিরে আসাটা কঠিন। এবারের মৌসুমে আমাদের পারফরমেন্স সত্যিই অবাক করার মত। আমাদের দুটি সমস্যা হচ্ছে : গোল হজম করা এবং নিজেরা গোল করতে না পারা। আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এর সমাধান খুঁজে বের করতে হবে। এভাবে চলতে দেয়া অসম্ভব।’
 
১৯৫৬ সালে চেলসির পরে প্রথম ইংলিশ চ্যাম্পিয়ন হিসেবে লিস্টার টানা পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম দল হিসেবে মৌসুমের শুরুতে ১৯৮৫ সালে স্টোক সিটির পরে টানা ছয়টি ম্যাচে কোন গোল করতে পারেনি। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে পরাজিত হবার পরে রনেইরিকে আত্মবিশ্বাস যুগিয়েছেন লেস্টারের মালিকপক্ষ। কিন্তু ম্যাচ পরবর্তী গোলরক্ষক কাসপার শিমেচেলের কান্না পুরো বিষয়টিকে কিছুটা হলেও প্রভাবিত করেছে।
 
লিবার্টি স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে সাবেক লিস্টার উইঙ্গার ন্যাথান ডায়ারের গোঁড়ালির ইনজুরির কারণে মাঠ ত্যাগ সোয়ানসিকে চিন্তিত করে তুলেছিল। কিন্তু প্রথমার্ধেই দুই গোলে সোয়ানসি স্বস্তি ফিরে পায়। সেন্টার ব্যাক আলফে মওসন দূর্দান্ত এক ভলিতে ৩৬ মিনিটে ডেডলক ভাঙ্গেন। প্রথমার্ধের স্টপেজ টাইমে সোয়ানসি লেফট-ব্যাক মার্টিন ওলসনের গোলে সোয়ানসির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে রানেইরি দুটি পরিবর্তন করেও কোন ফল পাননি।
 
এই জয়ে জানুয়ারি মাসের প্রিমিয়ার লিগের সেরা ম্যানেজারের স্বীকৃতি পাওয়া সোয়ানসি বস পল ক্লেমেন্ট আরো একবার নিজেকে প্রমাণন করলেন। বব ব্র্যাডলির উত্তরসূরী হিসেবে সোয়ানসিতে যাগ দেবার পর গত ছয় ম্যাচে এটি তার চতুর্থ জয়। ওয়েলসের ক্লাবটি এখন রেলিগেশন খরা থেকে চার পয়েন্ট উপরে রয়েছে। টেবিলের শীর্ষে থাকা চেলসির বিপক্ষে মাঠে নামার আগে পূর্ণ দুই সপ্তাহ সময় পাচ্ছে তারা। ক্লেমেন্ট বলেছেন জানুয়ারিতে সোয়ানসিতে যোগ দেবার পরে আমার একটাই লক্ষ্য ছিল দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং খেলোয়াড়দের সংঘবদ্ধ করা। খেলোয়াড়দের জবাবে আমি দারুণ খুশি। 
 
ইত্তেফাক/মাহাদী