কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিজিবি সদস্যের হামলায় এক মোটর মেকানিক আহত হয়েছেন। আহত বাপ্পী (১৭) উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে স্থানীয় মা অটোজ নামে একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করে।
জানা গেছে, সোমবার সকালে বিজিবি সদস্য হুমায়ূন কবির ওই দোকানে গিয়ে ওই মেকানিককে পিটিয়ে আহত করে। এ সময় তার ছেলে বিজিবি সদস্য তন্ময় শুভও তাকে মারধর করে।পরবর্তীতে স্থানীয়রা আহত ওই মেকানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হামলাকারী হুমায়ূন কবির ময়মনসিংহে ২৭ বিজিবিতে কর্মরত।
হামলার শিকার বাপ্পী জানান, শুক্রবার সকালে ওই দোকান থেকে ১৮০ টাকায় একটি ব্রেক স্যু ক্রয় করে বিজিবি সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলে লাগানো হয়। হঠাৎ সকালে দোকান খোলা মাত্রই নকল ব্রেক স্যু লাগানো হয়েছে অজুহাতে আমাকে বেধড়ক মারপিট করা হয়।
বিজিবি সদস্য হুমায়ূন কবির বলেন,বিষয়টির সমঝোতা হয়েছে।
৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল শহীদুল ইসলাম জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে দোষী বিজিবি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/সালেহ্
