কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত ৩৩

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক  শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন। হতাহতরা জামালপুর, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজর জেলার বাসিন্দা।
 
সোমবার এ ঘটনা ঘটে। নিহত মো. খলিল আহমদ (২২) জামালপুর জেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটি এলাকার স্থল গ্রামের জুলহাস মিয়ার ছেলে।  জানা গেছে, উপজেলার ‘বরমচাল গ্যাস ফিল্ডে’ কর্মরত শ্রমিকদের  নিয়ে দুইটি  ট্রাক একসঙ্গে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। ওই সড়কের  ইটাখোলা ছত্তার কমিউিনিটি সেন্টারের কাছে পৌছালে ট্রাক দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
কুলাউড়া থানা পুলিশ ও বাপেক্সের জন সংযোগ কর্মকর্তা আরিফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক দুইটি জব্দ করেছে।
 
ইত্তেফাক/সালেহ্