খোকসায় পানের বরজ থেকে গুলি-গ্রেনেড-বোমা জব্দ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০১
কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি পানের বরজ থেকে গুলি ও বোমা জব্দ করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে পানের বরজ থেকে ২৪০ রাউন্ড গুলি, তিনটি আরজেস গ্রেনেড এবং দুইটি ককটেল জব্দ করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল শিক্ষক সুকুমার চক্রবর্তীর পানের বরজে শ্রমিকরা মাটি খননের সময় নিচে গুলি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে গুলি ও বোমাগুলো জব্দ করে।
 
পুলিশের ধারণা, এ এলাকার কোনো সন্ত্রাসী এসব গুলি ও বোমা মাটির নিচে পুঁতে রেখেছিল। পরে ওই সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার সেলিনা বানু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্