দুর্নীতির অভিযোগে আবারো জিজ্ঞাসাবাদ স্যামসাং প্রধানকে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক স্ক্যান্ডালে জড়িত সন্দেহে দ্বিতীয় বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্যামসাংয়ের প্রধান লি জায়ে-ইয়ংকে।
 
মামলার আইনজীবীদের প্রত্যাশা, লি-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে কিনা তা শুনানির উপর ভিত্তি করে ঠিক করা হবে।
 
স্যামসাংয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক হিউন হাইকের এক বিশ্বাসভাজনের পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠানকে অনুদান দেয়ার অভিযোগ রয়েছে।
 
শুনানির আগে লি উপস্থিত সাংবাদিকদের জানান, 'আরও একবার সত্যটা বলতে যাচ্ছি আমি।'
 
চলতি বছরের জানুয়ারিতে স্যামসাংয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি আরও একবার জিজ্ঞাসাবাদ করা হয় স্যামসাং প্রধানকে।
 
সে সময় তাকে আটকের পরোয়ানা চাওয়া হলেও আদালত তা নাকচ করে দেয়।
 
লি পার্কের বন্ধু চোই সুন-সিল সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনে মোট প্রায় তিন কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দেয়ার অভিযোগে মামলা হয়। পারিবারিক ব্যবসায় নিজের নিয়ন্ত্রণ পাকা করতে এবং অন্যান্য আরও কিছু সুবিধা পেতে তিনি ওই অনুদান দেন বলে মামলার নথিতে দাবি করা হয়েছে।
 
২০১৪ সালে লি’র বাবা স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হি হৃদরোগের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালনায় অক্ষম হয়ে পড়লে স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে কাজ করা শুরু করেন ৪৮ বছর বয়সী লি।
 
ইত্তেফাক/মনসুর