তথ্যপ্রযুক্তি খাতে তরুণ-তরুণীদের চাকুরী এবং প্লেসমেন্ট পোর্টাল বিডিস্কিলস ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শেষ হলো দিনব্যাপী ‘ঢাকা আইটি-আইটিএস জব ফেয়ার-২০১৭’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলনায়তনে আয়োজিত এ চাকুরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লেসমেন্ট পোর্টাল উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এ্যামপ্লয়মেন্ট এ্যান্ড গভার্ন্যান্স প্রজেক্ট (এলআইসিটি)- আইবিএ, বিক্রয়ডটকম এবং আর্নস্ট এন্ড ইয়াং যৌথভাবে এ চাকুরি মেলার আয়োজন করে। এ মেলায় বাংলাদেশের প্রথম সারির ৫০ টিরও বেশি আইটি কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত থেকে চাকুরিপ্রার্থী আগ্রহী তরুণ-তরুণীদের সাক্ষাৎকার নেন।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো- ২০২১ সালের মধ্যে আইটি-আইটিইএস খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং ২০ লক্ষ আইটি পেশাজীবী গড়ে তোলা। সে ধারাবাহিকতায় আমরা এ মেলার আয়োজন করেছি।
নিয়োগদাতা আইটি প্রতিষ্ঠানগুলো সহজে ও কম সময়ে সঠিক কর্মী নির্বাচন করার ক্ষেত্রে চ্যালেঞ্জে পড়ে। এ সমস্যা সমাধানের লক্ষ্যই এলআইসিটি বিডিস্কিলস ডটকম নামের এ প্লাটফর্মটি তৈরি করেছে। প্রতিমন্ত্রী বলেন, একই সাথে এটি চাকুরিপ্রার্থী এবং চাকুরিদাতাদের সমানভাবে কার্যকর হবে। সঠিক কর্মী নির্বাচন যেমন সহজ হবে তেমনি সময়ও বাঁচবে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সভাপতিত্ব করেন আইবিএ-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ফরহাত আনোয়ার।
আরো উপস্থিত ছিলেন এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এনডিসি , আইবিএ-এর সহকারি অধ্যাপক মো. রেজাউল কবির, বেসিস প্রেসিডেন্ট মোস্তফা জব্বার, ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির ও বিক্রয় ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী।
ইত্তেফাক/ আনিসুর
