ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হলে এক শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের শারীরিকভাবে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় হল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছে। এছাড়া তিন শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার এবং অন্য দুই শিক্ষার্থীকে লিখিতভবে সতর্ক করা হয়েছে।
রবিবার জসীম উদদীন হল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগে গত ১ ফেব্রুয়ারি ঢাবির জসীম উদ্দীন হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর অস্ত্রপচারের জায়গা ও পেটে লাথি মারে ছাত্রলীগ।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ভৌত বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল করিম (হিরা) ও একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল হক (শাকিল)। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তুহিন, সমাজ কল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের আবুল হোসেন ও তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগ দেওয়ান। এছাড়া যাদেরকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে তারা হলেন- ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শাওন সরদার ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের তানভীর আহমেদ।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে হল প্রাধাক্ষ্য অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বলেন, নোটিশ বোর্ডে দেয়া আছে ওটা দেখে নিউজ করো। আমি একটা লিখিত অর্ডার দিয়েছি তার পর আবার কি মন্তব্য জানতে চাও।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
