সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকায় র্যাব-৮ এর অভিযানে বনদস্যু নুরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও তার সেকেন্ড ইন কমান্ড আব্বাসকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে উভয় পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনিময়ের এক পর্যায়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বিদেশি বন্দুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোটকলাগাছিয়া এলাকার পশুরতলা খালে বনদস্যু নুরু বাহিনীর অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডি এ ডি আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের বৃষ্টির মত গুলি বর্ষণ করে দস্যুরা। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে নুরু বাহিনীর প্রধান নুর হোসেন ওরফে নুরু ও আব্বাসকে র্যাব সদস্যরা আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ২টি বিদেশি একনালা বন্দুক, ১টি বিদেশি দোনালা বন্দুক, ১টি বিদেশি কাটা রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় র্যাব-৮ এর ডি এ ডি আমজাদ হোসেন বাদী হয়ে আটক দুই বনদস্যুর নামে শ্যামনগর থানায় অস্ত্র ও ডাকাতির মামলা দায়ের করেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
