বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথম বর্ষের ক্লাস প্রতিনিধি হতে দু’পক্ষের ভিতর মারামারির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ক্লাস প্রতিনিধি হতে কৃষি অনুষদের ডি-সেকশনের ছাত্র সম্রাট আকবর ও আসিফ ইকবাল সুপ্তের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সম্রাট বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক ও সুপ্ত বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।
সোমবার ঘটনার সূত্রপাত হয় জন্মদিন উদযাপন নিয়ে। এ নিয়ে করিম ভবন এলাকায় সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপুর ১টায় প্রশাসন ভবনের সামনে থেকে সুপ্ত, ইমন, শুভ ও তার হলের বন্ধুদের নিয়ে সম্রাটকে জোর করে জব্বারের মোড়ে নিয়ে যায়। এসময় ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মী ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে বিষয়টি তখনই মীমাংসা হয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই সম্রাট তার হলের বন্ধু ও অনুসারীদের নিয়ে সুপ্ত ও তার সঙ্গীদের জব্বারের মোড়ে মারধর করে। এনিয়ে ক্যাম্পাসে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে কিছু বলতে পারবে না বলে সুপ্ত ও সম্রাট দু’জনই জানায়।
