সুনামগঞ্জে টিলা কেটে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩
সুনামগঞ্জে ছাতক উপজেলায় টিলাকেটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো. আওলাদ আলীকে (৪৫) এক মাস এবং একই ইউনিয়নের পান্ডব গ্রামের রাসেল মিয়াকে (২২) দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
সোমবার দুপুরে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান তাদের এই সাজা দেন।
 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ছাতকের ইসলামপুর ইউনিয়নে বনবিভাগের মালিকানাধীন হাদাটিলার মাটি কেটে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত ওই টিলায় অভিযান চালান। অভিযানকালে আওলাদ আলী ও রাসেল মিয়াকে আটক করে তাদের সাজা দেওয়া হয়। এ সময় পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি পাম্প ও আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় ছাতক উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দিন ও ছাতক থানার পুলিশ ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন।
 
নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।