কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
সেচ পাম্পের পাইপ মেরামত করতে গিয়ে মাটি চাপা পড়ে রহিদুল ইসলাম নামে এক বডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী ধাইজানপাড়া গ্রামে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী ধাইজান পাড়া গ্রামের ছাদেকুল ইসলামের সেচ পাম্পে ত্রুটি দেখা দেয়। ছাদেকুল ইসলাম প্রথমে নিজে মাটি খুঁড়ে সেচ পাম্পের পাইপে ফুটো দেখে জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের বডিং মিস্ত্রি রহিদুল ইসলামকে খবর দেন। রহিদুল ইসলাম সেচ পাম্পের পাইপ মেরামতের জন্য ১৫ ফুট গভীর করে মাটি খুঁড়ে নিচে নামলে চাপা পড়েন। খবর পেয়ে কিশোরগঞ্জ ও নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিনঘণ্টা পর রহিদুলের লাশ উদ্ধার করে।
