কালিয়াকৈরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫০
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় বিনা নোটিশে ১ হাজার ৭৩৩ জন শ্রমিককে ছাটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। 
 
এর প্রতিবাদে কারখানা ফটকের সামনে সোমবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লি. নামের একটি পোশাক করখানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লি. নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জানুয়ারি মাসের বকেয় বেতন বৃহস্পতিবার পরিশোধ করা হয়। এ ঘটনার পর প্রতিদিনের মতো  রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকে শ্রমিক ছাটাইয়ের নোটিশ দেখতে পান। সেখানে ১ হাজার ৭৩৩ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে। 
 
এ সময় শ্রমিকরা তাদের পাওনাধি পরিশোধ করার জন্য দাবি জানালে সোমবার বেলা ১১টার দিকে তাদের সকল পাওনাধি পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। কারখানা কর্তৃপক্ষের দেয়া কথামতো সোমবার সকালে শ্রমিকরা কারখানায় তাদের পাওনাধি নিতে আসলে কারখানা কর্তৃপক্ষ প্রথমে গরিমসি  করে। এক পর্যায়ে  ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাধি পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানায় । কিন্তু শ্রমিকরা তা নিতে অস্বীকার করে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ শিল্প পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালায়।
 
হেসং বিডি লি. এর জেনারেল ম্যানেজার (এ্যাডমিন) দুলাল চন্দ্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। 
 
গাজীপুর শিল্প পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম বলেন, বিনা নোটিশে শ্রমিকদের ছাটাই করা হয়েছে। বিনা নোটিশে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করে। এছাড়া শ্রমিকদের পাওনাধি বিষয়াধি নিয়ে শ্রমিক-মালিক-পুলিশ বৈঠক হয়েছে।  দ্রুত বিষয়টি সমাধান হবে।
 
 
ইত্তেফা/উজ্জল