কুড়িগ্রামের রাজীবপুর সীমান্ত এলাকা থেকে জুরান আলী (৩৪) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার রাতে বালিয়ামারী বর্ডার হাট এলাকা থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় কালাইরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা রাতে বালিয়ামারী বর্ডার হাট সংলগ্ন সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায় ১০/১২ জনের একটি দল। এসময় ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করে এবং জুরান আলী নামের ব্যবসায়ীকে ধরে ফেলে।
বিএসএফ’র হাতে অপহৃত জুরান আলীর বাড়ি বালিয়ামারী চরপাড়া গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম আমির আলী।
এ প্রসঙ্গে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার হাবিব মিয়া জানান, আমরা জানতে পেরেছি, সীমান্তে গরু নামাতে গিয়ে জুরান আলী নামের এক ব্যবসায়ী বিএসএফ’র হাতে আটক হয়েছে। অপহৃতের পরিবার থেকে কোন অভিযোগ না করায় আমরা নিজ উদ্যোগে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানাই। সোমবার বিকেলে ১০ মিনিট পতাকা বৈঠকে বিএসএফ জানায়, জুরান আলীকে ভারতের থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে কোন বাংলাদেশি আটক হলে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে বলে বিএসএফ কথা দিয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
