কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
খাসি বর্ষবিদায় উপলক্ষে শুক্রবার খাসিয়া সম্প্রদাদের এক অনুষ্ঠান হয়। খাসিয়াদের ভাষায় একে বলা হয় “খাসি সেঙ কুটস্যাম”। বর্ষবিদায়ের এই অনুষ্ঠান চিরাচরিত ঐতিহ্যবাহী প্রথায় পালন করেন খাসিয়ারা। মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া ও লাউয়াছড়ায় তাদের দুটি পুঞ্জি রয়েছে। খাসি সোস্যাল কাউন্সিলের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় লাউয়াছড়ায় স্থানীয় ফুটবল মাঠে এ উত্সব শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনে খাসি (খাসিয়া) বর্ষবিদায় উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ান রাষ্ট্রদূত মিসেস জুলিয়া নিবলেট।
মাঠের চারপাশে তাদের নিজস্ব পণ্যসামগ্রী নিয়ে মেলায় স্টল বসে। স্টলসমূহে খাসিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মশলা সামগ্রী স্থান পেয়েছে। বৃহত্তর সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জি থেকে আগত নারী-পুরুষ, শিশু কিশোররা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এসে এসব স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনছেন।
