১৫ রোহিঙ্গার পেটে মিলল ৪৩ হাজার ইয়াবা আটক ১৮

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:২৬

কক্সবাজার প্রতিনিধি

১৫ রোহিঙ্গাসহ ৩ বাংলাদেশির পেটে মিললো ইয়াবা। চালান প্রতি ২০ হাজার টাকায় পেটে করেই এপারে আনছে ইয়াবার চালান। শুক্রবার এভাবে ইয়াবা নিয়ে মিয়ানমার হতে টেকনাফ সীমান্ত অতিক্রম করা ১৫ রোহিঙ্গা ও তিন বাংলাদেশিসহ ১৮ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মাঝে ১৩ রোহিঙ্গার পেট থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত বের করা হয়েছে ৪৩ হাজার ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার অফিসের সহকারী পরিচালক (এডি) সোমেন মণ্ডল এসব তথ্য জানিয়েছেন।

আটকদের মাঝে রোহিঙ্গারা হলেন— আনিস উল্লাহ, আমান উল্লাহ, আনোয়ার সাদেক, মুহাম্মদ সালাম, জাফর আলম, দোস্ত মোহাম্মদ, মো. ইমরান, হোসেন আহমদ, দিলদার, রমিজ উল্লাহ, আমান উল্লাহ, মো. ইদ্রিস, ইমাম হোসেন, জাফর আলম ও খায়ের হোসেন। আর বাংলাদেশিরা হলেন বাড়ির মালিক শরীফ আমির হোসেন, সাব্বির ও কামাল হোসেন।   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, রোহিঙ্গা ব্যবহার করে ইয়াবা আনা হচ্ছে এমন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়ার নাফনদ তীরের একটি সেমিপাকা ঘরে অভিযান চালায়। সেখানে অবস্থান নেওয়া ১৮ জনকে ইয়াবা বহনকারী সন্দেহে নিজেদের কব্জায় নেয় অভিযানকারীরা। তিনি আরো জানান, আটক হওয়াদের জিজ্ঞাসাবাদ ও এক্স-রের মাধ্যমে শনাক্ত হওয়া ১৩ রোহিঙ্গার পেট থেকে শনিবার বিকেল তিনটা পর্যন্ত ৪৩ হাজার ইয়াবা বের করা হয়েছে। আর বাড়ি থেকে ৩ হাজার এবং অন্য তিন রোহিঙ্গার পরিধেয় কাপড়ের কোচা হতে পৃথকভাবে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক নাসির উদ্দিন বাদি হয়ে ১৮ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করছেন বলে উল্লেখ করেন তিনি।