স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ক্ষমা দাশ গুপ্তার মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৭
মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী পিরোজপুরের ক্ষমা দাশ গুপ্তা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
 
’৭১-এর মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’ গানের অন্যতম শিল্পী ক্ষমা দাশ গুপ্তা। ’৬৯-এর গণঅভ্যুথানে গণসংগীতের মাধ্যমে ভূমিকা রেখেছেন দেশের স্বাধীনতা সংগ্রামে ।
 
তিনি দুই কন্যা সন্তানের জননী ছিলেন। ক্ষমা দাশ গুপ্তা পিরোজপুর জেলা শহরে মাছিমপুর সড়কে বসবাস করতেন।আন্দোলনমুখর এবং অভিজ্ঞ এ গুণী শিল্পী গত রবিবার সন্ধ্যা সাতটায় তার বড় মেয়ের শ্বশুর বাড়ী নরসিংদীতে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার এই হঠাৎ মৃত্যুতে পিরোজপুরের সাংস্কৃতিক অঙ্গনসহ সকল শ্রেণির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার দুই মেয়ের একান্ত ইচ্ছায় রোববার রাতেই তার বড় মেয়ের শ্বশুর বাড়ী নরসিংদীতে তার শেষকৃত অনুষ্ঠিত হয়।
 
১৯৭২ সাল থেকে টানা প্রায় বিশ বছর খুলনা, বরিশাল বেতার ও টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। ২০১৩ সালে তাকে জেলা শিল্পকলা একাডেমী পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ সংগীত শিল্পীর সম্মাননা প্রদান করা হয়। ২০১২ সালে স্থানীয় বেসরকারি সংস্থা সিডিআই নেটওয়ার্ক জীবনব্যাপী সংগীতে অবদানের জন্য সফল নারী সম্মাননা প্রদান করে। 
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছে। খবর বাসসের।
 
ইত্তেফাক/আনিস মণ্ডল।