বরিশালে স্ত্রীসহ যুবলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৯

প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যাংক থেকে ঋণ নেয়ার অভিযোগে ইউসিবি ব্যাংকের এক কর্মকর্তাসহ মহানগর যুবলীগের যুগ্মআহবায়ক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে দুদক।

আটককৃতরা হল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বরিশাল শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইন-চার্জ জাকির হোসেন রাঢ়ী ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শিকদার কন্সট্রাকশনের প্রোপাইটর শাহিন সিকদার এবং তার স্ত্রী নাইমা রহমান নীলিমা।

সোমবার সন্ধ্যায় তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। গ্রেফতারের পরে রাতে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ইউসিবি ব্যাংক থেকে ৩১ লাখ ৬৫ হাজার ৫ শত টাকা ঋণ নেয়ার অভিযোগে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

দুদক বরিশালের পরিচালক মোঃ আকতার হোসেন মামলায় তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা দায়েরের পর ইউসিবি ব্যাংক থেকে ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন রাঢ়ীকে সাসপেন্ড করা হয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইত্তেফাক/নূহু