ইত্তেফাক রিপোর্ট
চাকরি আত্মীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির শতাধিক শিক্ষক মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার স্টেপ প্রকল্প গ্রহণ করে। দুই বছরের প্রকল্পের মেয়াদ দুই ধাপে বৃদ্ধি করে ৭ বছরে উন্নীত করা হয়। কিন্তু আগামী ৩ মাস পর প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে। আমাদের ৮৭৬ শিক্ষক ও তাদের পরিবারের ভবিষ্যতের কী হবে, আমাদের কর্মসংস্থানের কী হবে? আমাদের অধিকাংশের বয়স এখন ৩০ বছরের বেশি। আমরা কী করব? তাই দাবি জানাচ্ছি, আমাদের রাজস্ব খাতে আত্মীকরণ করা হোক।
এর আগে আইডিবি ভবনে “কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় ‘স্টেপ’ প্রকল্পে নিয়োজিত শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ। তিনি বলেন, যেখানে দেশে লাখ লাখ দক্ষ কর্মীর অভাব, সেখানে এসব দক্ষ কর্মীদের কর্মক্ষেত্র থেকে বের করে দেওয়ার সুযোগ নেই। তাদেরকে আমাদের প্রয়োজন। সভায় আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী খবির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিটিএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। মানববন্ধন এবং আলোচনা সভায় বক্তারা স্টেপ প্রকল্পের শিক্ষকদের চাকরি আত্মীকরণের মাধ্যমে চাকরি নিয়মিত করার দাবি জানান।
উল্লেখ্য, ২০১২ সালে সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে স্টেপ প্রকল্পের আওতায় ১০১৫ জনকে নিয়োগ দেয়। আগামী জুন মাসে স্টেপ প্রকল্পের মেয়াদ শেষ হবে। ফলে বর্তমানে থাকা ৮৭৬ জন শিক্ষক চাকরি হারানোর শঙ্কায় ভুগছে। কারিগরিতে রাজস্ব খাতে বর্তমানে মাত্র ৬৫০ জন কারিগরি শিক্ষক রয়েছে।
