ঘুমানোর অধিকার চায় ঢাবির মুহসীন হলের শিক্ষার্থীরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫২
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের একটি অস্থায়ী ভবনে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী থাকেন। গত দুইমাস যাবত শিক্ষার্থীরা এ ভবনে ঠিকভাবে ঘুমাতে পারছেনা বলে অভিযোগ উঠেছে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, রাত ১২টা এমনকি একটার পরেও ওই ভবনের প্রথম বর্ষের পলিটিকাল শিক্ষার্থীরা উচ্চস্বরে গান-বাজনা, হৈ-হুল্লোড় করে। এতে সাধারণ শিক্ষার্থীদের ঘুম বিঘ্নিত হয়। সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিক ঘুমের অধিকার দাবি করেছেন।
 
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের  জন্য আবাসন ব্যবস্থা নাই। ছাত্রনেতাদের মাধ্যমে তারা রাজনীতি করার শর্তে হলে উঠতে পারেন।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই অস্থায়ী ভবনে ২৮ টি কক্ষ রয়েছে যার মধ্যে ১০১৪, ১০২১, ১০২৮, ১০২৭ এই চারটি গণরুম, যেখানে অবস্থান করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
 
সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দুইটা বা তিনটায় হঠাৎ করেই গণরুম থেকে চিৎকার বা ট্রাঙ্ককে ঢোল বানিয়ে গানের শব্দ পাওয়া যায়। এতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে।
 
এ বিষয়ে জানতে চাইলে মুহসীন হল সভাপতি সরকার রায়হান জহির বলেন, 'বিষয়টি সমাধানে আজকেই আমি ব্যবস্থা গ্রহণ করবো।'
 
ইত্তেফাক/জামান