ভাঙ্গায় প্রেম প্রত্যাখান করায় সেবিকাকে কুপিয়ে জখম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০
বিশ্ব ভালবাসা দিবসে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায়  সাবিনা খাতুন (৩০) নামে এক স্বাস্থ্য সেবিকাকে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি।
 
মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রেম প্রস্তাব দেয়া সেই ব্যক্তির নাম আতাউর রহমান।
 
ওই কেন্দ্রের চিকিৎসক মো. আব্দুল হাকিম বলেন, ‘রবিবার সাবিনা এ কেন্দ্রে যোগদান করেন। মঙ্গলবার সকালে অফিসে হঠাৎ তার চিৎকার শুনতে পেয়ে আমরা তার কাছে ছুটে যাই। এ সময় আতাউর রহমান রক্তাক্ত ছুরি হাতে রুমের ভেতর থেকে দৌঁড়ে পালিয়ে যায়। আমরা সাবিনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার ইঞ্জিনিয়ার জহুরুল হকের স্ত্রী।’
 
সাবিনার স্বামী ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তাই আমাকে বেশির ভাগ সময় সেখানেই থাকতে হয়। এই সুযোগে ওই ছেলেটি আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এনিয়ে আমি থানায় ওর বিরুদ্ধে একাধিক জিডি ও অভিযোগ দিয়েছি।’
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাস (ওসি) সৈয়দ আব্দুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্