আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৮
আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে  নারীসহ অন্তত ১৫ জন আহত  হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোহাম্মদ আলীকে ঢাকায় এবং হাবিবুল্লাহ, আমির হোসেন, নাসিমা, সালমা আক্তার , আহন আলী, শাহাবুদ্দিন, নিয়ত আলী ও সালামকে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আশে-পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিশনন্দী গ্রামের সাত্তার ও মান্নানের লোকদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় দখল পাল্টা দখলের অভিযোগ পাওয়া যায়। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আগে একাধিকবার সালিশি বৈঠক হয়। কোন সমাধান হয়নি। ফলে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম