ময়মনসিংহ সিটি নির্বাচন
ইত্তেফাক রিপোর্ট
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের আগাম প্রচার সামগ্রী ৭ এপ্রিলের মধ্যে অপসারণ করতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ নির্দেশনার চিঠি স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আগামী ৫ মে এ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করা প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের নির্বাচনী সামগ্রী থাকলে তা ৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ খরচে অপসারণ করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।
