খুলনা জেলা বিএনপির নয়া কমিটির সভাপতির বাসভবনে হামলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৩
খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার বাস ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 
 
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মিছিল সহকারে এসে এ হামলা চালায়। এ সময় ৪/৫টি মোটরসাইকেল এবং ১৪/১৫টি চেয়ার ভাংচুর করা হয়। তবে কারা এ হামলা চালিয়েছে- সেটি জানা যায়নি। শফিকুল আলম মনা হামলার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   
 
এর আগে মঙ্গলবার সকালে জেলা বিএনপির নতুন কমিটির সাধারণ সম্পাদক কুদরত-ই আমির এজাজ খানের অপসারণ দাবিতে দলের ক্ষুব্ধ অংশ দলীয় কার্যালয় তালাবদ্ধ করে বিক্ষোভ এবং নয়া সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে। রাতের এ হামলার সঙ্গে ক্ষুব্ধ অংশের যোগসাজস রয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে।  
 
এস এম শফিকুল আলম মনাকে সভাপতি এবং আমির এজাজ খানকে সাধারণ সম্পাদক করে গত সোমবার কেন্দ্র থেকে ২ সদস্যের খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।  
নবগঠিত কমিটির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসার দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন লোক এসে বাসার নিচে থাকা ৪/৫টি মোটর সাইকেল এবং কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে।  ঘটনার পরই দ্রুত তারা পালিয়ে যায়। তবে কারা কি কারণে এ হামলা চালিয়েছে- সেটি তিনি বলতে পারেননি। 
 
শফিকুল আলম মনার ঘনিষ্ট সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পিসহ দলের ক্ষুব্ধ অংশের যোগসাজস থাকতে পারে। যারা দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম