চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর ২ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৬
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি ফতেপুর এলাকা থেকে নিখোঁজের দু’দিন পর সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহা নামে দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফতেপুরের ভ্যান চালক ইয়াসিন আলীর বাড়িতে খাটের নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। 
 
পুলিশ জানায়, ফতেপুর গ্রামের মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা রবিবার দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির বাইরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর তাদের না পাওয়া গেলে বিষয়টি ওই দিনই পুলিশে জানানো হয়। ওই রাতেই সন্দেহভাজন হিসেবে স্থানীয় গীতা রানী নামের এক নারীকে আটক করে পুলিশ। 
 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আটক গীতা রানীর অসংলগ্ন কথাবার্তায় পুলিশ তার দেয়া তথ্যানুযায়ী কয়েকস্থানে অভিযানও চালায়। তবে, শিশুদের সন্ধান পাওয়া যায়নি। এরই মাঝে মঙ্গলবার স্থানীয় জনগন ফতেপুরের বাড়ি বাড়ি তল্লাসির উদ্যোগ নিলে ইয়াসিন আলীর বাড়ি খাটের নিচে বস্তাবন্দি অবস্থায় দু’ শিশুর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বাড়ির মালিক ইয়াসিন আলী, তার স্ত্রী তানজিলা খাতুন (৫০), পুত্রবধু লাকি বেগম (২২) কে আটক করে।
 
ইত্তেফাক/সাব্বির