আশুলিয়ায় এক দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাবুল হোসেন (৩০) নামে এক যু্বক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুধবার ভোর চারটার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন- মাহবুবুর রহমান, তার স্ত্রী আসমা বেগম ও তাদের কিশোরী মেয়ে মেহরুন। এই পরিবারটির স্বজন বাবুল। তাদের মধ্যে আসমা ও মেহেরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাহবুবুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান শরীফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে এক দুর্বৃত্ত মাহাবুরের টিনশেড বাসার টিন খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসময় বাবুল তাকে আটকের চেষ্টা করলে দুর্বৃত্ত বাবুলকে কুপিয়ে জখম করে।
চিৎকার শুনে বাসার ভেতর থেকে মাহবুবুর, আসমা ও মেহেরুন এসে বাবুলকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্ত।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কাউছার
